এবারের বিশ্বকাপের প্রথম পর্ব সহজেই জিতে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাবে বাংলাদেশ, এমনটাই ভেবেছিলেন সবাই। তবে প্রথম ম্যাচ স্কটল্যান্ডের কাছে হারার পর সেই স্বপ্নে লাগে বড় ধাক্কা। এখনো নিশ্চিত নয় বাংলাদেশের সুপার টুয়েলভ স্বপ্ন। এরই মাঝে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্ত বদলে ধোঁয়াশা তৈরি হয়েছে সুপার টুয়েলভের গ্রুপিং নিয়েও।
আইসিসি প্রথমে জানিয়েছিল, বাংলাদেশ প্রথম পর্বে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার্স আপ যেটাই হোক, সুপার টুয়েলভে তারা ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে গড়া গ্রুপ ‘টু’ তে পড়বে। কিন্তু হঠাৎই সেই সিদ্ধান্ত বদলেছে আইসিসি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বি গ্রুপ রানার্স আপ হলে এই গ্রুপে না পড়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের ‘গ্রুপ ওয়ান’ এ পড়বে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, তাদের আগে নেয়া সিদ্ধান্তে এসেছে বদল। এর আগে গত ১৭ আগস্ট দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলংকাকে এ-১ ও বাংলাদেশকে বি-১ হিসেবে ঘোষণা দিয়েছিল তারা।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে হেরে বেশ বিপাকে পড়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য ওমানের বিপক্ষে ২৬ রানের জয়ে সুপার টুয়েলভে যাওয়ার সমীকরণে বেশ ভালোভাবেই টিকে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তবে বি গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কি না এ নিয়ে অনেক সংশয় আছে। স্কটল্যান্ড শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেলে আর কোনো সমীকরণই কাজে আসবে না। স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
আর স্কটিশরা হারলে এবং বাংলাদেশ পাপুয়া নিউ গিনির বিপক্ষে জিতলে যেতে হবে রান রেটের সমীকরণে। সেখানেও বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কম।
সূত্র: ডেইলি বাংলাদেশ
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য