শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: মেয়র টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। জাতির পিতাকে হত্যার মাধ্যমে বাঙালির স্বপ্নকে ধূলিস্মাৎ করার যে অব্যহত প্রচেষ্টা ছিল তা ভেদ করে জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন এবং অগ্রযাত্রার দিকে দেশকে নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার হাতেই বাংলাদেশ পরিণত হয়েছে উন্নয়নের রোল মডেলে। শুধু জাতীয় নয় আন্তর্জাতিক অঙ্গণে তিনি একজন মহান অনুসরণীয় ব্যক্তিত্ব। তিনি আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রার আলোক দিশারী।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী গণটিকা কর্মসূচির আওতায় মসিক আয়োজিত ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্র গণটিকা কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন সিটি মেয়র।
ইকরামুল হক টিটু আরো বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশব্যাপী যে গণটিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে তার আওতায় নিয়মিত কার্যক্রমের বাইরে সিটি এলাকায় ৭৯ টি বুথে সাড়ে ১৬ হাজার মানুষকে আজ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হচ্ছে। বিশ্বের বহুদেশ যেখানে করোনা টিকা প্রাপ্তিতে প্রবল সংকটের মধ্যে থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টিকা প্রাপ্তিতে আমরা ৫ কোটির মাইলফলক স্পর্শ করতে পেরেছি। আমরা সৌভাগ্যবান জননেত্রী শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী পেয়েছি।
এ সময় মেয়র প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আরো বলেন, প্রধানমন্ত্রীর সব উদ্যোগ যেন সফল হয়। জননেত্রী শেখ হাসিনা সফল হলেই সফল হবে বাংলাদেশ।
টিকাকেন্দ্র পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফজলুল কবির, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেয়র ইকরামুল হক টিটু দিনব্যাপী আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য