চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের পর ভুল বোঝাবুঝির কারণে ঘুমের ট্যাবলেট খেয়েছেন এসআই আল-মামুন ও তার স্ত্রী। এতে অসুস্থ হয়ে দুজনই সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাটুদহ এলাকায় এ ঘটনা ঘটে। আল-মামুন নাটুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলে নিশ্চিত করেছেন দামুড়হুদা থানার ওসি আবদুল খালেক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তথ্যমতে, শনিবার রাত পৌনে ১২টার দিকে এসআই আল মামুন ও তার স্ত্রী নিভা খাতুনকে হাসপাতালে ভর্তি করেন পুলিশ সদস্যরা। নিভা খাতুনের পাকস্থলী ওয়াশ করেছেন চিকিৎসক। শারীরিকভাবে ঝুঁকিমুক্ত হওয়ায় আল-মামুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল আর সালান বলেন, দুজনই ঘুমের ট্যাবলেট সেবন করেছেন। তবে অতিরিক্ত সেবন করায় নিভা খাতুনের পাকস্থলী ওয়াশ করে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে দুজনের অবস্থা শঙ্কামুক্ত।
দামুড়হুদা থানার ওসি আবদুল খালেক বলেন, আল-মামুন দামুড়হুদা উপজেলার নাটুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত। পুলিশ ফাঁড়ির কাছে একটি ভাড়া বাসায় থাকেন তারা। পারিবারিক কলহের জেরে দুজনের ভুল বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য