বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

সাকিবকাণ্ডে ‘পদত্যাগ’ করা সেই আম্পায়ারকে নিয়ে গুঞ্জন


 

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের দিকে আঙুল তুলে আম্পায়ারিংকে গুডবাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার ও সাবেক ক্রিকেটার মুনিরুজ্জামান টিংকু। এ নিয়ে গণমাধ্যম ও ক্রিকেটপাড়ায় অন্যরকম এক গুঞ্জন চলছে। 

গুঞ্জনের কারণ, ডিপিএলের ওই দুটি ম্যাচে সাকিব ও রিয়াদ যে দুই আম্পায়ারের সঙ্গে তথাকথিত ‘বাজে আচরণ’ করেছেন, তাদের কেউ নন মুনিরুজ্জামান। কিন্তু ভুক্তভোগী না হয়েও কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

কারণ হিসেবে মুনিরুজ্জামান জানিয়েছেন, বিষয়টি আম্পায়ারদের জন্য অপমানজনক। তাই তার এমন সিদ্ধান্ত একরকম ‘প্রতিবাদ’। তিনি বলেন, ‘সম্মান একটা বড় বিষয়। আর কাজের পরিবেশটাও গুরুত্বপূর্ণ। এই দুটো কারণেই আমি আম্পায়ারিং ছাড়ছি।’

তবে মুনিরুজ্জামানের এমন ব্যাখ্যায় অনেকেই সন্তুষ্ট নন। সাকিব-রিয়াদদের আচরণকে প্রশ্নবিদ্ধ করা এ আম্পায়ারকে নিয়ে বাতাসে কিছু কথা ভাসছে। গুঞ্জন উঠেছে- পদত্যাগের আড়ালে ঘটনার মোড় অন্যদিকে ঘোরাতে চাইছেন না তো মুনিরুজ্জামান টিংকু?

কারণ বেক্সিমকো ফার্মার মানবসম্পদ বিভাগে কর্মরত আছেন মুনিরুজ্জামান। এটির ব্যবস্থাপনা পরিচালক আবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন গুঞ্জনে অবশ্য হতাশ বা বিস্মিত নন মুনিরুজ্জামান। তার মতে, বিষয়টি যে যার মতো ভাবুক। তাতে কষ্ট পাওয়ার কিছু নেই। এমনকি গুঞ্জনটি উড়িয়েও দিলেন তিনি।

এ বিষয়ে মুনিরুজ্জামান সাফ বলে দিলেন, ‘চাকরির বিষয়টি টেনে এনে এটা যদি বলেন, তা হলে সম্মান নিয়ে কথা বলে লাভটা কী? আমার মধ্যে এটা কাজ করেনি। অনেকের চিন্তায় আসতে পারে। আমার মধ্যে সেটি নেই।’

তিনি আরো বলেন, ‘আমার অন্য কোনো ইনটেনশন ছিল না। কিন্তু মানুষের ধারণা বা বিশ্বাসকে তো আমি বদলাতে পারব না। তবে একটা জিনিস বলতে পারি, আমি ভয় পাই না। এটা আমি এক ধরনের প্রতিবাদ জানিয়েছি। আমার আত্মমর্যাদাবোধ রক্ষার একটা চেষ্টাও বলতে পারেন।’

আন্তর্জাতিক প্যানেলে থাকা বাংলাদেশের চার আম্পায়ারের পর আর যাদেরকে ভালো আম্পায়ার হিসেবে ধরা হয়, তাদেরই একজন এই মুনিরুজ্জামান। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে মুনিরুজ্জামান সব মিলিয়ে ১৩টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। ক্যারিয়ারে তিনি ছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান। 


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য