তিনদিনের সীমিত লকডাউনের শেষ দিন আজ। কাল (বৃহস্পতিবার) থেকে কঠোর লকডাউনের আগে তীব্র যানজটে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী ঢাকা। নগরীর সব রাস্তা ও ট্রাফিক সিগনালে যানবাহনের দীর্ঘ সারি। এতে লকডাউনে অফিস বা জরুরি কাজে গমনকারীরা বিড়ম্বনায় পড়েছেন।
বুধবার সীমিত লকডাউনের শেষ দিনে সড়ক-মহাসড়কে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ আগের থেকেও বেড়েছে।
এছাড়া সকাল থেকেই রাজধানীর সবগুলো প্রবেশ ও বাহির হওয়ার পথ, সড়ক-মহাসড়ক ও ফেরিঘাটে দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়।
বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনকে সামনে রেখে রাজধানীর সড়কে মানুষ এবং যানবাহনের ঢল নামে। কেউ যাচ্ছেন ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে আবার কেউ যাচ্ছেন অফিসে। এ কারণে রাজধানীর সড়কগুলোতে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় তীব্র যানজটে পড়েছে রাজধানী।
রাজধানীর এলিফ্যান্ট রোড, বিমানবন্দর সড়ক, বনানী, তেজগাঁও শিল্প এলাকার প্রধান সড়ক, শাহবাগ, কাওরান বাজার মোড়, মগবাজার মোড়, বিজয় সরণি মোড়, ফার্মগেটসহ সব সড়কে তীব্র যানজটের কারণে নগরবাসীকে নাকাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গণপরিবহন না চললেও রিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী যানবাহনের চাপে সৃষ্টি হয়েছে যানজটের। এমনকি খোলামেলা পরিবেশের হাতিরঝিলের সড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট পরিলক্ষিত হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট এনামুল হক জানান, বাইরে থেকে বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি গত কয়েক দিনে ঢাকায় প্রবেশ করেছে। এসব গাড়ি সীমিত লকডাউনের শেষ দিনে আজ ঢাকা ছেড়ে যাচ্ছে। তাছাড়া পণ্যবাহী যানের চাপও রয়েছে। অনেকেই আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ট্রাক মিনি ট্রাক নিয়ে ঢাকার বাইরে চলে যাচ্ছে। এসব কারণেই সড়কে যানের চাপ বেড়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরো জানান, আজ সারাদিন ই অবস্থায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য