শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

এক টাকায় শিক্ষার উদ্যোগ আলো ছড়াচ্ছে সারাদেশে

 



অন্য সব শিক্ষার্থীর মতো সেদিন বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন মো. রিজুয়ান। হঠাৎ এক বাচ্চা এসে অনুরোধ করল একটি পত্রিকা কিনতে। রিজুয়ান জানতে পারলেন, ছেলেটি পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আরো জানতে পারলেন ছেলেটির পড়ালেখা করার প্রচণ্ড ইচ্ছার কথা। কিন্তু টাকার অভাবে পড়াশোনা এগোয়নি।

ছেলেটির কষ্ট নাড়া দিল রিজুয়ানের মনে। ভাবনায় এলো, তাদের জন্য স্থায়ীভাবে কোনো উদ্যোগ গ্রহণ করার, যাতে তারা অন্তত শিক্ষার আলোটুকু পায়। বিষয়টি নিয়ে রিজুয়ান কথা বললেন, বন্ধুদের সঙ্গে। উৎসাহ পেলেন সবার কাছ থেকে। আর এভাবেই একঝাঁক স্বপ্নবাজ তরুণ-তরুণীকে নিয়ে যাত্রা ১ টাকায় শিক্ষা ফাউন্ডেশনের।

২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে এক টাকায় শিক্ষার যাত্রা শুরু। প্রতিষ্ঠালগ্ন থেকেই সুবিধা বঞ্চিত শিশুদের এবং আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে অপারগ শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পথকে মসৃণ করার কাজ করছে।

শিক্ষা গ্রহণের অধিকার আদায়ে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। শিক্ষার আলো থেকে বঞ্চিত, শিক্ষার অভাবে যারা তাদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পায় না তাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে ‘১ টাকায় শিক্ষা ফাউন্ডেশন’।  ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যের দেয়া দৈনিক ১ টাকা অনুদানে নিশ্চিত হচ্ছে পিছিয়ে থাকা দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। আর এভাবেই এসব সুবিধাবঞ্চিত শিশু এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সুশিক্ষা লাভে অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে শিক্ষা প্রদান করার মাধ্যমে আলোকিত সমাজ গঠনের কাজ করে যাচ্ছে সংগঠনটি। জয় বাংলা অ্যাওয়ার্ড অর্জন:

সম্প্রতি ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ এর জন্য মনোনীত হয়েছে শিক্ষায় উন্নয়নমূলক সামাজিক সংগঠন ‘এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন’। 

এবার অ্যাওয়ার্ডের জন্য ৬০০টির বেশি সংগঠনের আবেদন জমা পড়ে। দুইটি ক্যাটাগরিতে মনোনীত শীর্ষ ৫০ টি সংগঠন থেকে ৩০টি সংগঠন পাচ্ছে ‘জয় বাংলা অ্যাওয়ার্ড’। এর মধ্যে সামাজিক অন্তর্ভুক্তিমূলক ক্যাটাগরিতে সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘এক টাকায় শিক্ষা’ এ অ্যাওয়ার্ড পাচ্ছে।

স্বপ্নের কথা জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা চৌধুরী। তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের ১০ লাখ মানুষ প্রতিদিন ১ টাকা করে আলাদাভাবে সঞ্চয় করছে বাংলাদেশের জন্য। এই বাংলাদেশ হলো আগামী প্রজন্মের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা!

কথা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিজুয়ানের সঙ্গে।

তিনি বলেন, সর্বপ্রথম আমরা যখন ষোলশহরে কাজ শুরু করি। আস্তে আস্তে ষোলশহর ছাড়াও আরো অনেক জায়গায় কাজ শুরু করি। টিম মেম্বার বাড়লে চট্টগ্রামের বাইরের কয়েকটি জেলায় আমাদের কার্যক্রম চলে। যেসব স্কুলে আমরা ক্যাম্পেইন করেছি তাদের সবাইকে বলে এসেছি- আজ থেকে তোমাদের কারও টাকার অভাবে পড়াশোনা বন্ধ হবে না।

সুত্র ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য