রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

জয়পুরহাটে গ্রাহকদের ২ কোটি টাকা নিয়ে উধাও এনজিও কর্মকর্তা

 

জয়পুরহাটের পাঁচবিবিতে মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের সঞ্চয় এফডিআর ও কিস্তির ২ কোটি টাকা নিয়ে  উধাও গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও)। সেই অফিসে এখন তালা ঝুলছে। বন্ধ থাকায় টাকা ফেরত পেতে প্রতিদিন গ্রাহকরা ভিড় করছেন সেখানে। গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ফাঁদে পড়ে নিঃস্ব  কয়েক হাজার  গ্রাহক ও তাদের পরিবার। অভিযোগের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের।

পাঁচবিবি উপজেলা সমবায় অফিস ও সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় সাত বছর আগে সমবায় সমিতি থেকে রেজিস্ট্রেশন নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরে স্থায়ী আমানত সংগ্রহসহ সঞ্চয় আদায় কার্যক্রম শুরু করে বেসরকারি সংস্থা গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক চন্দ্রলাল বাবু। পাঁচবিবির প্রধান সড়কের তিন মাথায় দোতলা ভবনে অফিস নিয়ে কার্যক্রম শুরু করে সংস্থাটি।

শুরু থেকে অধিক লাভের প্রতিশ্রুতিতে সমিতিভুক্ত করে সঞ্চয় আদায় করে গ্রাহকদের। পরে স্থায়ী আমানত সংগ্রহে শতকরা ১৫ টাকা মুনাফার ঘোষণা দিলে লাখ লাখ টাকা স্থায়ী আমানত করে স্বাবলম্বী গ্রাহকদের। কয়েক বছর আমানতের লাভের টাকা বাড়ি বাড়ি পৌঁছেও দেয়া হয়।

এরপর ছয় মাস লাভের টাকা বন্ধ করে অফিসে তালা ঝুলিয়ে গত ১৪ নভেম্বর পাঁচবিবি থেকে উধাও হয় পরিচালক চন্দ্রলাল বাবু। আর সেই থেকে আমানত ও সঞ্চয়ের টাকা পাওয়ার আশায় বন্ধ অফিসের সামনে ভিড় করছেন সমিতির গ্রাহকরা।

পাঁচবিবির দানেজপুর গ্রামের নেপাল চন্দ্র বলেন, তার স্ত্রী শেফালী রাণীর নামে ৬ লাখ টাকা তিনি গত বছরের ৫ ফেব্রুয়ারি সমিতিতে জমা দেন। বিনিময়ে সমিতি তাকে গত সেপ্টেম্বর পর্যন্ত প্রতিমাসে ৯ হাজার টাকা মুনাফা দেয়। এরপর থেকে কোনো টাকা তিনি পাননি। কাশপুর গ্রামের নাজিউল হক বলেন, বাবার পেনশনের ৬ লাখ এবং নিজের সঞ্চয়ের ৭৯ হাজার টাকা তিনি ওই সমিতিতে জমা দিয়েছেন।

উত্তর দানেজপুর গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসন্তী কেরকেটা বলেন, দুই শতক জমি বিক্রি ও হাড়ভাঙা পরিশ্রম করে তিনি ৪ লাখ টাকা আমানত রাখেন সমিতিতে। লাভের টাকা না নিয়ে তিনি নিজেসহ স্বামী ও ছেলে-মেয়ের নামে আলাদা চারটি সঞ্চয়ও করেন। কিন্তু এখন সবকিছুই তার শেষ হয়ে গেল। 

পশ্চিম বালিঘাটা গ্রামের রোজি আক্তার বলেন, তিন মাস আগে এক লাখ ২০ হাজার টাকা তিনি ওই সমিতিতে রেখে ১ হাজার ৪০০ টাকা পেয়েছেন। পরে টাকা ফেরত নিতে গেলে সমিতির সম্পাদক চন্দ্রলাল তাকে যমুনা ব্যাংক পাঁচবিবি শাখার একটি চেক দেয়। কিন্তু টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ তাকে চেক ফেরত দেয়। শুধু রোজি বা বাসন্তী নয় সঞ্চয় ও আমানতের প্রায় দুই কোটি টাকা আত্মসাত করে পালিয়ে যাওয়ার এমন অভিযোগ ওই সমিতির কয়েক’শ সদস্যের।

পাঁচবিবি উপজেলা সমবায় কর্মকতা লুতফুল কবীর সিদ্দিকী বলেন, সমিতির একজন মাঠকর্মীর মাধ্যমে অভিযোগ পেয়ে ঘটনার প্রাথমিক তদন্ত করা হয়েছে। অফিস বন্ধ থাকায় সমিতির গ্রাহক সংখ্যা এবং সঞ্চয় ও আমানতের টাকার পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে বড় ধরনের তদন্তের মাধ্যমে সমিতির ধার-দেনা ও গ্রাহকের ক্ষতির পরিমাণ নিরূপণ করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

পাঁচবিবির ইউএনও বরমান হোসেন প্রতারিত সদস্যদের মামলা করার পরামর্শ দিয়ে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

সুত্র   ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য