রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

এক পরিবারের ১৫ জনকে অজ্ঞান করে দুর্ধর্ষ ডাকাতি

 

বাসায় চেতনানাশক ওষুধ স্প্রে করে পরিবারের ১৫ জন সদস্যকে অজ্ঞান করে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সিলেট নগরের ফাজিলচিশত এলাকার একটি বাসায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।

রোববার জোহরের নামাজের সময় প্রতিবেশীরা তৃতীয় তলার সকল ঘরের দরজা-জানালা বন্ধ এবং রান্নাঘরের জানালার গ্রিল ভাঙা দেখে বিষয়টি জানতে পারেন। পরে অজ্ঞান অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাজিলচিশত এলাকার কানাডা প্রবাসী আলাউর রহমান চৌধুরীর ২২/১ নম্বর বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন এক সৌদি প্রবাসী ও ব্যাংক কর্মকর্তাসহ বেশ কয়েকটি পরিবার। শনিবার গভীর রাতে একদল ডাকাত তৃতীয় তলার সৌদি প্রবাসীর রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অজ্ঞান করে দেয়। পরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে চলে যায়।

রোববার দুপুরে স্থানীয়রা সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাকে বিষয়টি জানান। খবর পেয়ে বিকেল সাড়ে ৩টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ তথ্য নিশ্চিত করে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য