ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কলেজছাত্র সুমন অপহরণের দুইদিন পর মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নে একটি পানের বরজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় মিঠু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী সুমনের লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমন ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে ও ভোলা সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গত শনিবার সন্ধ্যায় সুমন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি ফোন আসলে সুমন সেখান থেকে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
গতকাল রোববার দুপুরে পুলিশ সুমনের ফোন কল ট্র্যাকিংয়ের মাধ্যমে মিঠু নামে এক যুবককে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ উপজেলার পক্ষিয়া ইউনিয়নের একটি পানের বরজ থেকে মাটি খুঁড়ে সুমনের মরদেহ উদ্ধার করে।
ওসি এনামুল হক আরও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিঠু হত্যার বিষয়টি স্বীকার করেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য