মার্চের মাঝামাঝি সময় থেকেই করোনাভাইরাসের কারণে অন্যান্য সব কিছুর মতো বন্ধ রয়েছে দেশের ক্রিকেট। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশে লকডাউন শিথিল হওয়াতে ক্রিকেট ফেরানো নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। সীমিত পরিসরে চলছে অনুশীলনও। বাংলাদেশে সাধারণ ছুটি না বাড়িয়ে স্বাভাবিক করার পথে সরকার হাঁটলেও ক্রিকেট ফিরতে আরও দুই সপ্তাহের মতো লাগতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এমনটিই জানিয়েছেন। তার মতে, জুনের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে ক্রিকেট।
আজ শনিবার বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘সীমিত পরিসরে গণপরিবহন খুলে দেওয়ার পর সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরপর হয়তো ঘরোয়া খেলার ইভেন্টগুলো শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেবে তারা। সেক্ষেত্রে এক কিংবা দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে। তার মানে হলো জুনের মাঝামাঝি সময় পর্যন্ত কোনো ইভেন্ট শুরু করা সম্ভব হচ্ছে না।’
খেলোয়াড়দের মতামত বিবেচনা করেই মাঠে ফেরানো হবে ক্রিকেট। এ ছাড়া করোনা সংক্রমণরোধে সর্বোচ্চ ব্যবস্থাই নেওয়া হবে ক্রিকেটারদের জন্য।
তিনি বলেন, ‘আমরা কিংবা ক্লাব চাইলেই তো আর হবে না। খেলোয়াড়রা কি বলে সেটাই গুরুত্বপূর্ণ। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার জন্য আমাদের খেলোয়াড়দের মতামত নিতে হবে। আমাদের প্রথমে জানতে হবে তারা কি চায়। তারা যদি রাজি হয় তাহলে আমরা সেভাবে পরিকল্পনামাফিক খেলাগুলো সাজাবো।’
সম্প্রতি অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলেই আগামী আগস্ট থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচি প্রকাশ করেছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরেই সূচিটা প্রকাশ করেছে তারা। যদিও আইসিসি সর্বশেষ বোর্ড মিটিংয়ে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেয়নি।
সুত্র অনলাইন সংস্করণ
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য