অলৌকিকভাবে বেঁচে গেল মায়ের কোলে থাকা ২ বছরের শিশু
গাজীপুরের শ্রীপুরে দুই বছর বয়সী কন্যাসন্তান কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন মা। এতে ঘটনাস্থলেই মা নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে মেয়েটি। দ্রুত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বুধবার সকালে ঐ উপজেলার রেলস্টেশন সংলগ্ন কাটাপুল এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্টেশনে বহু যাত্রী বিভিন্ন ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ঐ সময় ময়মনসিংহগামী বলাকা ট্রেন স্টেশনে এসে দাঁড়ায়। ট্রেন ছেড়ে একটু সামনে যেতেই বোরকা পরা ঐ নারী একটি শিশুকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। মুহূর্তেই গলা কেটে তার মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে শিশুটি বেঁচে যায়। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।
শ্রীপুর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নাজমা বেগম হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ নেন। তিনি জানান, শিশুটির কোনো স্বজনকে এখনো পাওয়া যায়নি। চিকিৎসা শেষে যদি কেউ তাকে নিতে না আসে, তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার মাধ্যমে শিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে চাই।
শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুনুর রশিদ বলেন, রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দুর্ঘটনায় শিশুটির হাত ও মাথা থেঁতলে গেছে।
সূত্র:ডেইলি বাংলাদেশ
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য