তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ২২ দিন বয়সী এক শিশুর লাশ পাওয়া গেছে একটি পুকুরে। শনিবার বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
শিশুর মায়ের দাবি, শুক্রবার রাত ৩ টার দিকে সাদা কাপড় পরা দুই নারী বাচ্চাকে পানি খাওয়ানোর কথা বলে নিয়ে চলে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে শিশুর মাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
জানা গেছে, দেড় বছর আগে উপজেলা বিসকা ইউপির লালমা গ্রামে আবুল কাশেমের ছেলে হুমায়ুন মিয়ার সঙ্গে বিয়ে হয় গালাগাঁও ইউপির কালনিকান্দা গ্রামের আবদুর রশিদের মেয়ে সাবিকুন্নাহারের। ২২ দিন আগে তাদের ঘরে আসে ফুটফুটে একটি ছেলে সন্তান। তার নাম রাখা হয় সাঈম মিয়া।
শিশুর মা জানান, শুক্রবার রাত ৩ টার দিকে ঘরের দরজায় শব্দ শুনে খুলে দেখেন সাদা কাপড় পরা দুই নারী। তারা শিশু সাঈমকে পানি খাওয়ানোর কথা বলে কোলে চায়। পরে এ কথা কাউকে বললে চরম ক্ষতি হবে জানিয়ে চুপ করে বসে থাকতে বলে বাচ্চাকে নিয়ে চলে যায়। এমন সময় জ্ঞান হারিয়ে ফেলেন সাবিকুন্নাহার। কিছু সময় পর জ্ঞান ফিরলে বাচ্চাকে না পেয়ে চিৎকার শুরু করেন তিনি।
বিষয়টি পুলিশকে জানালে শনিবার দুপুরে তারাকান্দা থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় নবজাতক শিশুটির মা সাবিকুন্নাহার তার শাশুড়ি পারভীন বেগম এবং মামী শ্বাশুড়ি রুমা আক্তারকে হেফাজতে নেয়।
এদিকে বিকেলে শিশুর মরদেহ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠে। পরে থানায় বিষয়টি জানালে আবারও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তারাকান্দা থানার ওসি মো. আবুল খায়ের বলেন, বিষয়টি খুবই রহস্যজনক। রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য