কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় বাবা, মেয়ে-নাতিসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ ইয়াসিন প্রধানিয়া।
নিহতরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. হানিফ, তার মেয়ে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের কবির হাসেনের স্ত্রী মেরি বেগম ও মেরির মেয়ে মেহজাবিন।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. হানিফ বিকেল পৌনে ৪টায় তার মেয়ে মেরি বেগম ও নাতনি মেহজাবিনকে নিয়ে প্রয়োজনীয় কাজে সিএনজি অটোরিকশা যোগে চিওড়া রাস্তার মাথায় আসে। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশার উপর উঠে যায়। এতে ঘটনাস্থলে মেরি বেগম নিহত হন। আহত হন মো. হানিফ ও শিশু মেহজাবিন, হানিফের ছেলে রোমন, সিএনজি অটোরিকশা চালক রফিক।
স্থানীয়রা, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মো. হানিফ ও শিশু মেহজাবিনকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ ইয়াসিন প্রধানিয়া বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য