বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

পরকীয়ার জেরে লোক ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রীসহ পাঁচজনের ফাঁসি




 খাগড়াছড়িতে এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী ও তার চার সহযোগীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান চার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে একইসঙ্গে প্রত্যেক আসামিকে আরও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো এ তথ্য নিশ্চিত করেছেন। 

দণ্ডিতরা হলেন রাবেয়া আক্তার (৩৫), রামগড় চৌধুরী পাড়ার মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪), একই গ্রামের প্রয়াত আব্দুল মালেকের ছেলে মো. ফিরোজ (২৮), গুইমারা উপজেলার রেনুছড়ার শাহ আলমের ছেলে আবুল কালাম (২২) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল আসাদ ওরফে মিঠু (২০)।



আইনজীবী কানুনগো সাংবাদিকদের জানান, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি পরকীয়া প্রেমের জের ধরে রাবেয়া আক্তার লোক ভাড়া করে তার স্বামীকে জবাই করে হত্যা করান। এ হত্যাকাণ্ডটি গুইমারা উপজেলার রবীন্দ্র পাড়ায় ঘটে।

তিনি আরও জানান, একদিন পর গুইমারা থানায় পুলিশ বাদী মামলা করে। একই বছরের ৫ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার আদালতের রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে আসামির আইনজীবী আরিফ উদ্দিন জানান, তিনি উচ্চ আদালতে আপিল করবেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য