সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট র্যাব ৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- আক্কেলপুর উপজেলার মৃধাপাড়া (স্কুলপাড়া) গ্রামের বজলুর রশিদ মৃধার ছেলে রায়হানুল হক মৃধা (৪২), কেশবপুর গ্রামের লুৎফর মন্ডলের ছেলে জুয়েল হোসেন (৩৭) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (৩৮)।
মেজর মোস্তফা জামান জানান, প্রতারক চক্রের সদস্যরা ২০১৪ সাল থেকে ভুয়া নিয়োগপত্র প্রদান করে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা নেয় তারা। পরে তারা ওই ব্যক্তিকে জাল নিয়োগপত্র দেয়। সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। এমন খবরের ভিত্তিতে জেলার আক্কেলপুর কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়।


0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য