রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

বাঁধে ফাটল, ঝুঁকিতে হাওরের ধান

 


ভারী বৃষ্টির পর বেড়েই চলেছে পাটলাই নদীর পানি। একই সঙ্গে উজানে প্রবল ঢেউয়ে ফাটল ধরেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরমার হাওরের বাঁধে। হাওরে পানি ঢোকায় ঝুঁকিতে রয়েছে প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল।

স্থানীয়রা জানায়, রোববার সকাল ৮টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। বর্ধিত গুরমার ২৭ নম্বর প্রকল্পটি দেবে গেছে। ফলে বাঁধ উপচে হাওরে পানি ঢুকতে শুরু করে। এখানে নতুন কোনো বাঁধ ছিল না, ছিল হাওরের পাড়ে পুরোনো স্থায়ী বাঁধ।

বর্ধিত গুরামা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে তদারকিতে নিয়োজিত রয়েছেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের রামসিংহপুর গ্রামের ইউপি সদস্য মিছবাহ উদ্দিন পলাশ।

তিনি বলেন, এভাবে হাওরে পানি ঢুকতে থাকলে বর্ধিত গুরমা হাওর অংশের খাউজ্যাউরি, নোয়াল, আইন্যা, কলমা ও গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা এলাকার হাওরগুলোর ফসলি জমিও ডুবে যাবে।

শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, বর্ধিত গুরমার ২৭ নম্বর প্রকল্পটি দেবে গেছে- এমন খবরে রোববার ভোরে এলাকা পরিদর্শনে আসেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান। সকাল ৮টার দিকে খবর আসে ওয়াচ টাওয়ারের পূর্বদিকে বাঁধ উপচে হাওরে পানি ঢুকছে। গত ১০ দিন ধরে আমরা এ অবস্থায় রয়েছি। এ অবস্থায় ক্লান্ত হয়ে আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, পাটলাই নদীর পানি ক্রমাগত বাড়ায় অবস্থা এখন খারাপের দিকে যাচ্ছে। ওয়াচ টাওয়ার সংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, সুনামগঞ্জে সুরমা নদীর পানির উচ্চতা রোববার দুপুর ১২টায় ছিল পাঁচ দশমিক ৮৭ মিটার। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে ৪০ সেন্টিমিটার। এছাড়া জেলার সীমান্তবর্তী যাদুকাটায় এ সময়ে পানি বেড়েছে ৭১ সেন্টিমিটার, পাটলাই নদীতে ৪৩ সেন্টিমিটার। সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার।

cp ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য