লক্ষ্মীপুর পৌরসভায় বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী বাবা শফিকুল ইসলামকে বাসা থেকে বের করে উঠানে ফেলে রাখা তিন ‘বড় অফিসার’ ছেলে মুচলেকা দিয়েছেন। শুক্রবার বিকেলে দুই ঘণ্টা বৈঠকের পর ‘বাবাকে সঙ্গে রেখেই সেবা-যত্ম করবেন’ মর্মে ছেলেদের কাছ থেকে মুচলেকা নেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ। বিষয়টি তদারকি করার জন্য পৌরসভার কাউন্সিলর গোলাম মোস্তফা পাটোয়ারীকে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে সকাল থেকে কয়েক ঘণ্টা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মেঘনা রোডে ছেলের বাসার সামনে খোলা আকাশের নিচে পড়ে থাকতে দেখা গেছে বৃদ্ধ শফিকুলকে। খবর পেয়ে তাকে উদ্ধার করে বড় মেয়ে সুরাইয়া বেগমেরশ্বশুর বাড়িতে তাকে পৌঁছে দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
স্থানীয় সূত্র জানায়, শফিকুল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী। দুই বছর আগে চার ছেলে ও তিন মেয়েকে তার সম্পত্তি ভাগ করে দেন। ছেলে জাহাঙ্গীর বাবার দেখাশোনা করতেন। শুক্রবার সকালে তাকে বাসা থেকে বের করে আরেক ভাই শাহ আলমের বাসার সামনের উঠানে ফেলে রাখেন তিনি। এরপর কোনো ছেলেই বাবাকে ঘরে তোলেনি। উঠানে শফিকুলকে পড়ে থাকতে দেখে স্থানীয় একজন প্রশাসনকে জানায়।
লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোস্তফা পাটোয়ারী বলেন, আমিও ঘটনাস্থলে গিয়েছি। শফিকুলের ছেলে ও প্রতিবেশীদের সঙ্গে আমরা দুই ঘণ্টা কথা বলেছি। বাড়িতে থাকা দুই ছেলে মুচলেকা দিয়েছে। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করলে মামলা করা হবে। আমি কয়েকদিন পর শফিকুলকে মেয়ের বাড়ি থেকে এনে জাহাঙ্গীরের ঘরে তুলে দেব।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য