বুধবার, ৩০ জুন, ২০২১

কুড়িগ্রামে ভিজিডি’র তালিকায় নাম থাকলেও চাল পাচ্ছে না সুবিধাভোগী পরিবার

 


কুড়িগ্রামের চিলমারীতে ভিজিডি উপকারভোগীর তালিকায় নাম থাকলেও চাল না পাওয়ার অভিযোগ উঠেছে থানাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভূক্তভোগী দুই নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। ভিজিডি কার্ডের সুবিধা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে পরিবার দুটি।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের ছোটকুষ্টারী গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী মহেছিনা বেগম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সূত্রে জানতে পায়, ২০২১-২০২২ সালের ভিজিডি কার্যক্রমের মূল তালিকায় তার নাম অন্তভূক্ত হয়। যার কার্ড নং ৫০২। তালিকায় নাম থাকলেও ৫মাস থেকে চাল পাননি তিনি। চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগ করলেও চাল কিংবা কার্ড দেয়নি চেয়ারম্যান।

ভুক্তভোগী মহেছিনা বেগম বলেন, আমাকে সরকার ভিজিডি কার্ড দিয়েছে কিন্তু মিলন চেয়ারম্যান সে কার্ডও দেয় নাই চালও পাই না। কয়েক বছর থেকে আমার স্বামী অসুখে ভুগছে, কাজ করতে পারে না। তাই পরিবারের লোকজন নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি। তাই সরকারের কাছে আকুল আবেদন করছি কার্ড ও চাল দেয়ার জন্য।

একই অভিযোগ করেছেন ওই এলাকার দুলু মিয়ার স্ত্রী রুবি বেগম। তালিকায় ১৬৭ নম্বরে তার নাম থাকলেও চাল কিংবা কার্ড পাননি তিনিও। ভূক্তভোগী এই নারী চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তারও কার্ডটি হারিয়ে গেছে বলে জানিয়েছেন চেয়ারম্যান।

এ বিষয়ে থানাহাট ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা খাতুন বলেন, ওই কার্ড দুটি ইউপি চেয়ারম্যানের কাছে রয়েছে। ভুক্তভোগীদের আবেদন পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি তথ্যগত ভুলের কারণে এমনটা হয়েছে। তবে খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য