সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

চাকরি দেয়ার নামে প্রতারণা চক্রের ৪ সদস্য আটক

 


চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে সাভারের আনন্দপুর এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই নারীসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সদস্যরা। সোমবার (৪ জানুয়ারি) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানের সময় ২০ ভুক্তভোগী চাকরিপ্রার্থীকেও উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- শাহারা বানু , মশিউর রাহমান, রবিউল ইসলাম রবি ও সাবিনা ইয়াসমিন। তাদের কাছ থেকে ৩৭টি ভর্তি ফরম, ৭টি টাকা জমার রশিদ বই, ৬টি নিয়োগ বিজ্ঞপ্তি, ১০টি অঙ্গীকারনামা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-৪ এর সহকারী পরিচালক জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাতে সাভারের আনন্দপুর এলাকায় ‘প্রজন্ম ফোর্স (প্রা.) লিমিটেডের’ অফিসে অভিযান চালিয়ে চক্রটির ৪ সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চক্রের সদস্যরা র‍্যাবকে জানিয়েছে, তারা চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। তারা রাজধানীসহ ঢাকা জেলার একাধিক জায়গায় অফিস ভাড়া নিয়েছে। এসব অফিসে চাকরি প্রত্যাশীদের নানা প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে নিয়ে আসত। পরে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিত। পরে চাকরি প্রত্যাশীরা এই জালিয়াতি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে চক্রটির সদস্যরা টাকা ফেরত না দিয়ে উল্টো নানা হুমকি দিত। অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়।

জিয়াউর রহমান আরও বলেন, আটক ব্যক্তিরা আমাদের কাছে তাদের অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য